কুড়িগ্রামের রাজারহাটে একটি ফিলিং স্টেশনে সিগারেটের আগুন থেকে মোটরসাইকেলে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পালসার মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, এতে ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই মোটরসাইকেলটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, ওই মোটরসাইকেল চালক পাম্পে তেল নেওয়ার পর ট্যাংকির মুখ বন্ধ না করে সিগারেট ধরালে অগ্নিকাণ্ড ঘটে।