Image description

হাম সংক্রমণ করোনার চেয়েও দ্রুত হয়। টিকা দিলেও তাৎক্ষণিক সেটার কার্যকারিতা পাওয়া যায় না। ফলে দেশে হামের পরিস্থিতিকে মহামারি হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ (ডিপিপিএইচ)।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ) ‘হামে শিশুমৃত্যু: জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় ডিপিপিএইচের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো রোগের বিস্তার অস্বাভাবিক পর্যায়ের হলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। স্বাস্থ্যসেবার মাধ্যমে সেটাকে তাৎক্ষণিক সামাল দেওয়া সম্ভব হয় না, সেটা জনস্বাস্থ্যের জন্য জরুরি পরিস্থিতি। বর্তমানে হামও এই পর্যায়ে পৌঁছেছে।

ডিপিপিএইচ মনে করে, সরকারের উচিত দ্রুত জরুরি পরিস্থিতি ঘোষণা করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত জনস্বার্থ বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, ‘মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় সব কাজ করছে সরকার। চিকিৎসকদের ছুটি বাতিল আর নিরবচ্ছিন্ন সেবার মতো উদ্যোগ নিয়েছে। বাড়তি চিকিৎসকও নিয়োগ দিচ্ছে। শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।’

দেশে হামের মহামারি চলছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার স্বীকার করুক বা না করুক, দেশে বর্তমানে হামের মহামারি চলছে। জনমনে আতঙ্ক সৃষ্টি বা রাজনৈতিক পরিণতির ভয়ে হয়তো সরকার এটিকে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করতে দ্বিধা করছে।

তবে সরকার ইতোমধ্যে গণটিকা কর্মসূচি শুরু করায় আগামী দেড় মাসের মধ্যে সংক্রমণ এবং আড়াই মাসের মধ্যে মৃত্যুহার কমে আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক আবু মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘হামের সংক্রমণ করোনার চেয়েও দ্রুত হয়। টিকা দিলেও তাৎক্ষণিক সেটার কার্যকারিতা পাওয়া যায় না। দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। বর্তমান সংকট মোকাবিলায় হাসপাতালের সেবাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে।’

তিনি বলেন, আগে হাম আক্রান্তদের মধ্যে প্রতি হাজারে তিনজনের মৃত্যু হতো। এখন তা ১০ জনে পৌঁছে গেছে। মৃত্যুহার বাড়ার কারণ উদ্‌ঘাটনে সরকারকে গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করতে হবে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি রশিদ-ই-মাহবুব বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রান্তিক শিশুরা। সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

শিশুবিশেষজ্ঞ কাজী রকিবুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে শুধু হামের টিকা দেওয়া হয়নি এমন নয়, হাম–পরবর্তী শিশুদের রাতকানাসহ যেসব সমস্যা দেখা দিতে পারে, সেগুলো প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

ডিপিপিএইচের সদস্যসচিব শাকিল আখতারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য ফয়জুল হাকিম।