ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) রাতে শেখড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শহীদ বিশ্বাস (৪২), দানেফ আলী (৪৫), শাহিন বিশ্বাস (৪০), বাবুল বিশ্বাস (৪২) ও এনামুল বিশ্বাস (২৮)।
স্থানীয় বাসিন্দারা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুস সালামের মধ্যে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে রাতে শেখড়া বাজারে উভয় পক্ষের সমর্থকদের মাঝে বাকবিতন্ডা, হাতাহাতি হয়।
আহতদের মধ্যে শহীদ বিশ্বাসের (৪২) অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাকিরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।