পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় জাগপার জেলা কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টার দিকে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এর আগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় যায়। এ সময় জাগপার কার্যালয়ের টিনের বেড়া ভাঙচুর ও কার্যালয়ের ভেতরে চেয়ার, ফ্যানসহ আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মিছিল নিয়ে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখনই জাগপা নেতা রাশেদ প্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছেন। আমরা সারা দেশে লজ্জায় পড়ে গেছি।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে একটি দলের বিরোধিতা করতেই পারেন, তবে তা হতে হবে নিয়মের মধ্য দিয়ে, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে দিয়ে। তিনি তা না করে কটূক্তি করে প্রধানমন্ত্রীর মানহানি করেছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাই। পঞ্চগড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছে।
জাগপার পঞ্চগড়ের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের চেয়ার টেবিল টিভিসহ আসবাপত্র ভাঙচুর করেছে।
জাগপার পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, ২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিসে একই কায়দায় হামলা করেছে। আমরা মনে করেছিলাম গণ-অভ্যুত্থানের পরে বা স্বাধীনতা ফিরে পাব। কিন্তু নব্য স্বৈরাচার বিএনপি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আমাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।