Image description

দীর্ঘ কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাজীর দিঘীর পাড় সমাজকল্যাণ উচ্চবিদ্যালয়ের দুইজন শিক্ষক।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কাজীর দিঘীর পাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এমন রাজকীয় বিদায়ের আয়োজন করা হয়।

 

বিদায় নেওয়া শিক্ষকরা হলেন, আবুল খায়ের এসসি এবং অণিমা প্রভা রায়। তাদেরকে ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

 

শিক্ষক আবুল খায়ের বলেন, ১৯৮৬ সালে শিক্ষকতা পেশা শুরু করি। একই বিদ্যালয়ে প্রায় ৩৯ বছর শিক্ষার্থীদের পাঠদান করেছি। কর্মজীবন শেষ। বিদায়বেলায় সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসাই আমার জন্য সর্বোচ্চ উপহার। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।

 

 

অণিমা প্রভা রায় বলেন, কখনও প্রত্যাশা করিনি এত আয়োজনের মধ্য দিয়ে আমাকে বিদায় দেওয়া হবে। এই বিদ্যালয়ে প্রায় ২৭ বছর ধরে কর্মরত ছিলাম। কর্মজীবনের শেষে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় বিদায় নিয়েছি। এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। আমি সত্যিই অভিভূত।

 

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাঈন উদ্দিন।

 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক কাজী জহির উদ্দিন, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ, শিক্ষক মনির হোসেন, জাকির হোসেন, পারভেজ হোসেন, শাহীন আলমসহ অন্যান্য শিক্ষকরা।