প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল দিনব্যাপী এ সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় অংশ নেবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
তারেক রহমানের এই সফর ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ‘ঘরের ছেলে’ প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন, এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গাবতলীসহ আশপাশের এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ, প্রত্যাশা ও আবেগের মিশেল। রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচির বাইরে এই সফর এখন স্থানীয় মানুষের জন্য এক আবেগঘন প্রত্যাবর্তন, যেখানে স্মৃতি, প্রত্যাশা আর আনন্দ একসঙ্গে মিশে গেছে।
গাবতলীর বাগবাড়ী গ্রামের বাসিন্দা আবদুল করিম বলেন, ছোটবেলা থেকে তারেক রহমানকে দেখেছি। এখন তিনি প্রধানমন্ত্রী হয়ে আমাদের গ্রামে আসছেন, এটা আমাদের জন্য গর্বের। আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি তাকে স্বাগত জানানোর জন্য।
একই গ্রামের গৃহিণী রহিমা খাতুন বলেন, ‘অনেক দিন ধরে অপেক্ষা করছি। এবার কাছ থেকে দেখতে পারব (তারেক রহমানকে), এটাই বড় আনন্দ।’
বগুড়া শহরের ব্যবসায়ী মাহবুব হোসেন বলেন, এই সফরের মাধ্যমে জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আমরা আশা করছি। নতুন প্রকল্পের ঘোষণা এলে ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, সফরকালে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের পৈতৃক বাড়ি (জিয়াবাড়ি) পরিদর্শন করবেন।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেন, প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রী তার পৈতৃক এলাকায় আসছেন। এর আগে সর্বশেষ তিনি ২০০৬ সালের ডিসেম্বরে এখানে এসেছিলেন। এবার প্রধানমন্ত্রী হিসেবে তার এই সফর এলাকার মানুষের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।
তিনি বলেন, ঘরের ছেলে আজ দেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন এটা শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটা আমাদের আবেগের বিষয়।
প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং এসএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয় সার্কট হাউসে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমও অংশ নেন।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বগুড়া সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরের বিষয়ে বিস্তারিত জানান।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বগুড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠপর্যায়ে কাজ করছে এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে জনসভা ও অন্যান্য কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন।
যা থাকছে সফরসূচিতে
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের চিঠিতে জানানো হয়, ২০ এপ্রিল সকাল ৬টায় নিজ বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর পর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ‘ই-বেইলবন্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন।
বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন।
দুপুর ১২টা ৪৫ মিনিটে বাগবাড়ীতে পৌঁছে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করবেন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান।
দুপুর ১টা ৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন বিএনপি চেয়ারম্যান।
দুপুর ২টা ৪৫ মিনিটে বাগবাড়ী থেকে বগুড়া সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে স্বল্প বিরতি নেবেন। বিকেল ৪টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমান।
পরে বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ফেরার পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন। রাত ১১টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।