Image description

মাদকাসক্তি থেকে সুরক্ষা, কিশোর গ্যাং কালচার প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে দেশজুড়ে নতুন কর্মসূচি শুরু করেছে সরকার। বিশেষ করে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে ঘোরাঘুরি কমিয়ে পড়ার টেবিলে ফেরাতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ বা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে ‘মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে’ শীর্ষক অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে জরুরি এ নির্দেশনা পাঠানো হয়।

 

নির্দেশনায় বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তার আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সন্ধ্যার পর বা রাতে পড়াশোনায় যথাযথ মনোযোগী হওয়া এবং ক্লাসে উপস্থিতি, নিয়মিতভাবে পরীক্ষায় ও সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে কলেজসমূহের নিজস্ব ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের প্রয়োজনীয় মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) কর্তৃক আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।’

 

এর আগে গত ফেব্রুয়ারির শেষের দিকে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরে গিয়ে এক সভায় বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে তিনি বলেছিলেন, ‘শিক্ষার্থীরা যদি সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি করে, তাহলে তাদের ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।’

 
 

 

তার এ বক্তব্যের পর চাঁদপুরে সন্ধ্যার পর অভিযানে নেমে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। রাজধানীতেও সন্ধ্যার পর বেশ কয়েকটি অভিযানের খবর প্রকাশ হয়েছিল। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছিল।

 

এমন প্রেক্ষাপটে সমালোচনার মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী। পরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ড. এহছানুল হক মিলন বলেছিলেন, ‘কোনো বিশেষ উদ্দেশ্যে আমি এটা বলিনি। আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতাম। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলেছি, সন্ধ্যার পর ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। দ্যাটস ইট। এর বেশি কিছু নয়।’

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা

 

 

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের নতুন কর্মসূচি ঘোষণা