Image description

সরকারি শূন্যপদ পূরণের জন্য ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “পরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্যপদ ছয় মাসের মধ্যে, ৪ হাজার ৪৫৯টি এক বছরের মধ্যে এবং ৩ হাজার ১১০টি পদ পাঁচ বছরের মধ্যে পূরণ করা হবে।”

অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ কার্যক্রমের সর্বশেষ তথ্য সংগ্রহ এবং শূন্যপদ পূরণের অগ্রগতি জানতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি পাঠানো হয়েছে।

সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্য অনুযায়ী, সর্বশেষ স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুযায়ী দেশে মোট শূন্যপদ রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে— ১ম থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি, ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি, অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক পদ ৮ হাজার ১৩৬টি।

সরকার জানিয়েছে, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রায় ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।

শীর্ষনিউজ