Image description

আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতপন্থী আইনজীবী ঐক্য পরিষদে (সবুজ প্যানেল) লড়ছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির তিন আইনজীবী। এই তিনজন হলেন- সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. মেহেদী হাসান ভুঁইয়া, সদস্য পদে বেলাল হোসাইন ও মো. মহসীন রেজা।

এই প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি পদগুলোতে জামায়াত সমর্থিত আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এনসিপির তিন প্রার্থীর এই প্যানেল থেকে নির্বাচনের কথা নিশ্চিত করেছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার (১৫ এপ্রিল) নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুকে লিখেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক ঢাকা আইনজীবী সমিতি প্রতিষ্ঠায় এবং বিজ্ঞ আইনজীবীগণের অধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল এলায়েন্স (এনএলএ) এর ৩ জন নেতা আইনজীবী ঐক্য পরিষদ তথা সবুজ প্যানেল থেকে মনোনীত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

বিজ্ঞ আইনজীবীগণকে এ ৩ জনসহ সম্পূর্ণ সবুজ প্যানেলকে দোয়া, সমর্থন, সহযোগিতা ও ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আন্তরিক অনুরোধ করছি।

 

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনে এবার বিএনপি ও সমমনা দলগুলো জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) ও জামায়াত-এনসিপি সমর্থিতরা আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) ব্যানারে অংশ নিচ্ছেন।

তবে এবার আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে না।