চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পাম্পে তেল নেই’ ব্যানার টানানো একটি পেট্রোল পাম্পে প্রায় চার হাজার লিটার জ্বালানি তেল পাওয়া গেছে। এ ঘটনায় কৃত্রিম সংকট তৈরির অপরাধে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, এই পাম্পে দীর্ঘ সময় ধরে তেল নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল এবং ‘পাম্পে তেল নেই’ ব্যানার সাঁটিয়ে বিক্রি বন্ধ রাখা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে ইউএনও পাম্পের স্টোরেজ ট্যাংক সরেজমিনে যাচাই করেন।
এ সময় দেখা যায়, পাম্পটিতে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেনসহ মোট ৩ হাজার ৯৯২ লিটার জ্বালানি তেল মজুত রয়েছে।
পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি বিক্রি না করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইউএনওর নির্দেশে পাম্পে মজুত থাকা তেল বিক্রি করা হয়।