Image description

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন পুনর্বহালের আবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী। তবে আগামী ১৫ দিনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনসহ দুটি নথি দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে হুমায়ুনের পক্ষে এ আবেদন করেন আইনজীবী আবদুল কাইয়ুম।

এদিন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও দুই মাস বাড়িয়ে আগামী ২১ জুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। পরে হুমায়ুন কবিরের জামিন পুনর্বহাল চেয়ে শুনানি করেন কাইয়ুম। তিনি আদালতকে জানান, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় বর্তমানে রক্ত বমি করছেন তার মক্কেল। এজন্য জামিন পুনর্বহাল চান।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, আমরা দুটো জিনিস চেয়েছি। এর মধ্যে একটি হলো আসামির বিরুদ্ধে কী অভিযোগ এনেছে প্রসিকিউশন। আরেকটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগীয় প্রধানের প্রতিবেদন।

এ পর্যায়ে চিফ প্রসিকিউটর বলেন, আমরা আগামী এক মাসের মধ্যে হুমায়ুনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবেদনটি দাখিল করবো। তবে তিনি (হুমায়ুন) চিকিৎসাধীন রয়েছেন। এতে কোনো অবহেলা করছে না কারা কর্তৃপক্ষ।

তখন ট্রাইব্যুনালকে আসামিপক্ষের আইনজীবী বলেন, আমাদের এ বিষয়টি গুরুতর। কারণ আমার মক্কেলের উন্নত চিকিৎসার প্রয়োজন। মেডিকেল কর্তৃপক্ষ চাইলে প্রতিবেদন দিতে এক সপ্তাহের বেশি সময় লাগবে না। তারা ইচ্ছা করলেই দিতে পারবে।

উভয়পক্ষের শুনানি শেষে এ দুটি প্রতিবেদন দাখিলের জন্য ১৫ দিন সময় দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করা হয়।

এ প্রসঙ্গে আইনজীবী আবদুল কাইয়ুম ঢাকা পোস্টকে বলেন, হুমায়ুন কবিরের জামিন স্থগিতাদেশ প্রত্যাহার করে যেন পুনর্বহাল করা হয়, সেজন্য আমরা শুনানি করেছি। তবে হুমায়ুন কবির লিভার সিরোসিসে আক্রান্ত কিনা এমন একটি প্রতিবেদন দিতে পিজি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে প্রসিকিউশনকে তার বিরুদ্ধে আনা অভিযোগটি জমা দিতে বলা হয়েছে। এ দুই প্রতিবেদন জমা দিলে আগামী তারিখে তার জামিন স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে শুনানি করবো।

এর আগে, ২ মার্চ হুমায়ুনের জামিন নামঞ্জুর করে আদেশ দেন ট্রাইব্যুনাল-২। চলতি বছরের ১১ জানুয়ারি শর্তসাপেক্ষে তাকে জামিন দেন একই আদালত। তবে অন্য মামলা থাকায় তার মুক্তি মেলেনি।

এ মামলায় গ্রেপ্তার অপর আসামিরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।