প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সরকারের পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে কয়েক হাজার মানুষ তেল আবিবে জড়ো হয়ে নেতানিয়াহুর যুদ্ধ নীতির প্রতিবাদ জানান।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, বিক্ষোভকারীরা ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনা ও পরবর্তী পরিস্থিতির যথাযথ তদন্ত দাবি করেছেন। ইরান ও লেবাননে চালানো অভিযান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পেনিইনা নামে একজন বলেন, ‘নেতানিয়াহু ইসরায়েলি সমাজকে ধ্বংস করছেন। তিনি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও ফাটল ধরাচ্ছেন।’ রাফায়েল আরও বলেন, মানুষ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে ৭ অক্টোবরের ঘটনা ও সেটির পরবর্তী পরিস্থিতির তদন্ত দাবি করছে। কারণ, সরকার ওই ঘটনার এখনো যথাযথ উত্তর দেয়নি।
লি হফম্যান নামের এক সামাজকর্মী বলেন, ৭ অক্টোবর এবং এরপর প্রধানমন্ত্রীর চালিয়ে যাওয়া অন্তহীন যুদ্ধে অনেক মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন। সেই পরিবারগুলোর প্রতি সমর্থন জানাতে তিনি বিক্ষোভে যোগ দিয়েছেন।
চায়েম ট্রিভ্যাক্স নামে আরেক বিক্ষোভকারী বলেন, লেবানন ও ইরানে যুদ্ধ শুরু করে ইসরায়েল বড় ধরনের ভুল করেছে। নেতানিয়াহু দেশের জন্য লড়ছেন না, বরং দুর্নীতির মামলায় জেল খাটা থেকে বাঁচতে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।