নাটোরের গুরুদাসপুরে চায়ের দাম বৃদ্ধির এক সপ্তাহের মধ্যেই আবার কমিয়ে আনা হয়েছে। আবারও আগের নির্ধারিত ৫ টাকায় ফিরিয়ে আনা হয়েছে প্রতি কাপ চায়ের দাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শনিবার হঠাৎ করেই প্রতি কাপ চায়ের দাম ৫ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ করা হয়। আকস্মিক এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।
একই সঙ্গে ব্ল্যাক কফি ১০ টাকা, দুধ চা ২০ টাকা এবং দুধ কফি ২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি পানের দামও বাড়ানো হয়।
পরে চায়ের দোকানদাররা আলোচনা করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়। জ্বালানি ও চা তৈরির উপকরণের দাম বাড়ার কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে বুধবার (১৫ এপ্রিল) থেকে আবারও আগের দামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় চা বিক্রেতারা জানান, তারা এখন প্রতি কাপ চা ৫ টাকায় বিক্রি করছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, কিছু স্থানে এখনো ৭ থেকে ৮ টাকায় চা বিক্রি করা হচ্ছে, যা নিয়ে ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের বাগবিতণ্ডাও হচ্ছে। তবে পান এখনো বেশি দামে বিক্রি করছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।