Image description

কোরবানির ঈদ ঘিরে আলোচনায় আসা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয়েছে নারায়ণগঞ্জ থেকে। রঙিন ধোঁয়া, লাল গালিচা ও বিশেষ সাজসজ্জার মধ্য দিয়ে বিদায় শেষে মহিষটি এখন কেরানীগঞ্জে।

সোমবার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয়।

খামারটির কর্মীরা আগে থেকেই ‘এলভিনো’ জাতের মহিষটিকে গোসল করিয়ে সাজিয়ে তোলেন। পরে রাজকীয় পোশাক পরিয়ে লাল গালিচায় হাঁটিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় তাকে।

এ সময় উপস্থিত খামার সংশ্লিষ্টদের অনেকেই আবেগঘন পরিবেশে মহিষটিকে বিদায় জানান। কেরানীগঞ্জে নিয়ে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার স্বজনরা।

মহিষটির সাদা চুল ও চোখের গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের মতো হওয়ায় মজার ছলে নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে এটি ব্যাপক আলোচনায় আসে।

প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি ছয় থেকে সাত মাস আগে কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর এলাকার বাসিন্দা সামির কিনে নেন বলে জানা গেছে। এরপর থেকেই মহিষটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। শুধু তরুণরাই নয়, নারী ও শিশুরাও এটি দেখতে আসেন। বরিশাল, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা এসেছেন বলে দাবি খামার কর্তৃপক্ষের।

ভাইরাল এ মহিষটি আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয়। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

স্থানীয় দর্শনার্থী রানা আহমেদ বলেন, ভাইরাল হওয়ার পর থেকেই মহিষটি নিয়ে মানুষের আগ্রহ ছিল। এখন এটি কেরানীগঞ্জে আসায় স্থানীয়দের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে।

কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর এলাকার বাসিন্দা ‘ডোনাল্ড ট্রাম্পে’র ক্রেতা সামির জানান, মহিষটি অনেকদিন আগে কিনেছিলেন। হঠাৎ ভাইরাল হওয়ার খবর পান। এখন মহিষটিকে একনজর দেখার জন্য এলাকার লোকজনও ভিড় করছে তার বাড়িতে।