Image description

সেন্টমার্টিন দ্বীপের অদূরে গভীর সাগরে আন্তর্জাতিক জলসীমায় ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জনকে উদ্ধার করেছে একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ। পরে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

 

রোববার (১২ এপ্রিল) সকালে কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়াদের মধ্যে এক নারী ও ৮ পুরুষ। তাদের মধ্যে ৬ রোহিঙ্গা এবং তিন বাংলাদেশি নাগরিক।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৯ এপ্রিল ভোরে চট্টগ্রাম বন্দরসংলগ্ন এলাকা থেকে ‘এমটি মেঘনা প্রাইড’ নামের বাণিজ্যিক জাহাজ ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেয়। একই দিন দুপুরে সেন্টমার্টিন উপকূল অতিক্রম করে আন্দামান দ্বীপপুঞ্জসংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় জাহাজটির নাবিকরা পানির ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরে থাকা কয়েকজনকে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে জাহাজে তোলা হয়। জাহাজটি শনিবার ভোরে বাংলাদেশি জলসীমায় পৌঁছলে কোস্টগার্ডকে খবর দেওয়া হয়। পরে কোস্টগার্ডের জাহাজ ‘ক্যাপ্টেন মনসুর আলী’-এর নাবিকদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

 

 

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্যসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা দিয়েছে কোস্টগার্ড। পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

 

কোস্টগার্ডের ধারণা, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবি বা অন্য কোনো কারণে তারা পানিতে পড়ে যেতে পারেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।