বিএনপি পুরোনো আওয়ামী ফ্যাসিস্ট বাকশালি কায়দায় একদলীয় শাসন জনগণের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ১১ দলীয় ঐক্য আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে’ শিরোনামে এ সভা হয়।
বিএনপি তাদের ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, তারা শুধু জাতির সঙ্গে নয়, তাদের সংস্কার দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি বলেন, জনগণের রায়ে আমরা সরকার গঠন করতে পারলে আমাদের ওয়াদা বাস্তবায়নের কথা দিয়েছিলাম। বিএনপিও ওয়াদা দিয়েছিল। কিন্তু তারা ওয়াদা রক্ষা করেনি।
বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে তাদের যাত্রা শুরু করেছে বলে উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার পাঁয়তারা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বিএনপি গর্ব করে বলে, একাত্তর, নব্বই ও চব্বিশও তাদের—সব তাদের। আর কারও কিছু নেই। একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি। তবে একাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন। কিন্তু প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে। তিনি যুদ্ধ করেছেন, সেজন্য তাকে আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু এককভাবে যদি এক ব্যক্তিকেই সব কিছু দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি যোদ্ধাদের অবস্থান কোথায় থাকে! এটা যুদ্ধকে কুক্ষিগত করা।
আওয়ামী ফ্যাসিস্টরা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছেন বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, তারা সেটা করতে গিয়ে লজ্জাজনকভাবে জিয়াউর রহমানকে পাকিস্তানের দালাল, চোর—কোনো কিছু বলতেই বাদ দেননি।
এ ধরনের রাজনীতি তারা দেখতে চান না, বলেন ডা. শফিকুর রহমান।