Image description

আগামী ১৭ এপ্রিল রাতে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, হজের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

 

কাজী শাহ মোফাজ্জল হোসাইন বলেন, সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন।

 

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা ধর্মমন্ত্রীর।

 

তিনি বলেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন।

 

 

 

জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৪ হাজার ২৬০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭২ হাজার ৩৪৪ জন।