Image description

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ‘অলিখিত চুক্তির’ কারণে অভ্যুত্থান-সংশ্লিষ্ট দাগি আসামিরা জামিন পাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। রবিবার (১২ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

সারজিস আলম বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের মধ্যে একটি অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, এমনকি দলটির শীর্ষ নেতৃত্বও বিদেশে বসে এ ধরনের বক্তব্য দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নতুন সরকার গঠনের পর সেই অলিখিত চুক্তির প্রভাব দেখা যাচ্ছে। অভ্যুত্থানের সময় যারা হামলা চালিয়েছে ও হত্যাকাণ্ডে জড়িত—এমন অনেক আসামি এখন জামিন পাচ্ছে।’

বাতিল হওয়া অধ্যাদেশ প্রসঙ্গে সারজিস বলেন, ‘অভ্যুত্থানের আগে যেসব সংস্কারের দাবি তোলা হয়েছিল, ক্ষমতায় এসে সেসব থেকে সরে যাচ্ছে বিএনপি। তার অভিযোগ, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবের আওতায় আনার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা এখনও হুমকির মুখে রয়েছেন। যারা আগে হামলা করেছে, তারা এখন বুক ফুলিয়ে ঘুরছে এবং হুমকি দিচ্ছে—‘তোদের সময় শেষ’।’

বিএনপির প্রতি সতর্কবার্তা দিয়ে সারজিস আলম বলেন, বিরোধী দলের কবর খুঁড়তে গিয়ে যদি সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটেন, তাহলে সেই কবরেই সবার আগে আপনাদের জায়গা হবে।

তিনি আরও বলেন, আমরা কাউকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না। শহীদদের যে আকাঙ্ক্ষা, তার পক্ষেই সবাইকে অবস্থান নিতে হবে—আমরা ভুল করলে আমাদেরও সমালোচনা করবেন।