চট্টগ্রামের কর্ণফুলীতে আর্থিক বিরোধের জের ধরে দিদারুল আলম নামে রিয়াজুদ্দিন বাজারের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকার ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযুক্ত আবু তৈয়বকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত দিদারুল আলম পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। তিনি নগরীর রিয়াজুদ্দিন বাজারে স্টেশনারি ব্যবসা করতেন। অভিযুক্ত আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে। তিনি নিহত দিদারুলের দোকানেরই কর্মচারী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দিদারুল ও তৈয়ব পূর্ব পরিচিত এবং বন্ধু। তৈয়ব প্রবাস থেকে ফিরে বেকার হয়ে পড়লে দিদারুল তাকে নিজের দোকানে চাকরি দেন। তবে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে।
শুক্রবার রাতে দিদারুল বাড়ির কাজ শেষে নগরীর বাকলিয়ার বাসায় ফিরছিলেন। মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে তৈয়ব তার ওপর হামলা চালান। একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে এবং ইট দিয়ে মাথা থেঁতলে দেন। দিদারুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী এম এ রহিম বলেন, তৈয়ব বিদেশ থেকে শূন্য হাতে ফেরার পর বন্ধু হিসেবে দিদারুল তাকে দোকানে কাজ দিয়েছিলেন। তৈয়বের দাবি ছিল- দিদারুলের কাছে টাকা পাবেন। দিদারুলের দাবি ছিল- এই দাবি ভিত্তিহীন। সেই আক্রোশ থেকেই এ ঘটনা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা অভিযুক্তকে আটক করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।