Image description

কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবাদ করায় শিশুটির মামার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে।

 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নির্যাতিত শিশুটির বাবার করা মামলায় গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

অভিযুক্ত মেহেদী হাসান (২০) উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।

 

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পরমতলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসা আট বছর বয়সি শিশুটি গোসল করে ঘরে ফিরছিল। এ সময় অভিযুক্ত মেহেদী হাসান ওই শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘরে ফিরে ধর্ষণের বিষয়ে শিশুটি তার খালাকে জানালে দ্রুত তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

এদিকে, এই ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত মেহেদীকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে। শিশুটির মামার ওপর হামলার ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।