Image description

গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলনে দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংবিধানের আলোকে জনগণের অভিপ্রায়ই হলো সর্বোচ্চ আইন। জনগণের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটই যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বোচ্চ আইনি ভিত্তি বহন করে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা মাঠে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ৮৪ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া থেকে সরকার সরে গিয়ে নতুন রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করছে। তিনি বলেন, বিপুল জনগণের সমর্থনে গৃহীত সংস্কার প্রস্তাব অস্বীকার করা জনগণের মতামতের বিরোধিতা করার শামিল। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে প্রশাসক নিয়োগকে তিনি ‘দলীয়করণ’ হিসেবে আখ্যায়িত করেন এবং একে জনগণের ভোটাধিকার ও সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা দাবি করেন, পরিকল্পিতভাবে ফলাফল প্রকাশে বিলম্ব করে কারচুপি করা হয়েছে। তবে জামায়াত সহিংসতায় বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, দলটি একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় গণভোটের রায় কার্যকর করতে সারাদেশে গণসংযোগ ও বিক্ষোভ কর্মসূচি জোরদার করার হুঁশিয়ারি দেন তিনি।

সাংগঠনিক নির্দেশনায় তিনি কর্মীদের সংগঠনের পরিধি বাড়াতে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব ও গাজীপুর মহানগর আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন। টঙ্গী পশ্চিম থানা সেক্রেটারি অধ্যাপক আতিকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে মহানগরের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।