রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও বিপুল বৈদেশিক মুদ্রাসহ এক হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মফিদুল ইসলাম (৪৩), তিনি খুলনার লবণচরা থানার বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়। এপিবিএন জানায়, মফিদুল ইসলাম উমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছান।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে গিয়ে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৯৯.১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা।
এ সময় তার কাছ থেকে ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিশরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এপিবিএন জানতে পারে, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ বাংলাদেশে আনা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলেও ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে আমরা সবসময় সক্রিয়। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।