Image description

বৃষ্টিবলয় গর্জন আগেই দেশে সক্রিয় আছে। আগামী ২৪ ঘণ্টা এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এরপর এটি দুর্বল হতে পারে। এর মধ্যে রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

 

বুধবার (৮ এপ্রিল) বিকেলে দেওয়া পৃথক পৃথক ফেসবুক পোস্টে এই বার্তা দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটি।

 

বার্তায় বেসরকারি সংস্থাটি বলছে, দেশের আকাশে থাকা বৃষ্টিবলয় গর্জন আগামী ১০ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ইতোমধ্যেই দেশের অধিকাংশ স্থানে এর প্রভাবে বজ্রবৃষ্টি হচ্ছে। বুধবার সকাল ৮টার পর থেকে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে আবারও দেশের ৮ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি।

 

এদিকে ভারতের ঝাড়খণ্ডের ওপর তৈরি বজ্রমেঘ সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে প্রকাণ্ড কালবৈশাখী ঝড়ে পরিণত হতে পারে। এটি রাতের দিকে বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে।

 

এর প্রভাবে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা আছে।

 

বিডব্লিউওটি পরামর্শ দিয়েছে এ অবস্থায় রাত্রিকালীন নৌপথে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য। এ ছাড়া নদীপথের জলযানগুলোকে ঝড়-বৃষ্টির আলামত দেখে নিরাপদে চলাচলেরও পরামর্শ দেওয়া হয়েছে।