বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে মঙ্গলবার শোকজের চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, আপনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য ও উসকানিমূলক বক্তব্য প্রদান করে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন।
এছাড়া, আপনি এমন কার্যকলাপের মাধ্যমে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর বিধি ২ (চ) (২)-এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের সামিল।
এমতাবস্থায়, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচারকদের লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।