Image description

নিউ ইয়র্কের আলবেনীতে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন । আহত হয়েছেন একই পরিবারের মেয়ে এবং এক বছরের নাতনী ।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আলবেনীর ক্লেভেরাকের নাইনএইচ এলাকায় হাইওয়েতে দুই কারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার মোহাম্মদ হেরামন (৬০) এবং ছেলে মোহাম্মদ নাজুমল রুবেল (২৯) এবং রুবেলের বন্ধু নড়াইল জেলার ফাহিম আলিম (২৭) ।
এছাড়া আহত হয়েছেন নিহত হেরামনের মেয়ে ফাতিমা আক্তার এবং তার ১ বছর বয়সী মেয়ে । আহতরা স্থানীয় একটি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন । তারা নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাসিন্দা। এছাড়া স্টকপোর্টের বাসিন্দা ৬২ বছর বয়সী জুলিয়া রিচি ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি বিপরীত থেকে আসা গাড়ির যাত্রী ছিলেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, ভ্যান উইক লেনের ঠিক দক্ষিণে স্টেট রুট ৯এইচ-এ একটি টয়োটা প্রিয়াস রাস্তার মাঝের বিভাজক রেখা অতিক্রম করে। এরপর সেটি বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউনকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই দুই গাড়ির ৪ জন নিহত হন। কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিস দুর্ঘটনাটি তদন্ত করছে বলে জানানো হয়েছে।

এদিকে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে নিহত বাবা হেরামন, ছেলে রুবেল এবং ফাহিম ব্রঙ্কসের বাসিন্দা ছিলেন। তাদের মৃত্যুতে ঐ এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টার মসজিদসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে তাদের অংশগ্রহণ ছিলো ।

ব্রঙ্কসের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শেখ আবুল হোসাইন মানবজমিনকে কান্নাজড়িত কন্ঠে জানান , নিহত হেরামন এবং রুবেলের তার বাসার দ্বিতীয় তলায় বসবাস করেন। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বপরিবারে ব‍্যবসার কাজে বাফেলোতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন নিহত হন। তিনি জানান তাদের জানাজার নামাজ বুধবার স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।