রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের দাবি থেকে সরকার সরে এলে আবারও গণ-অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। সরকারকে স্ট্রাকচারাল জায়গায় এক হতে হবে। এটি থেকে সরে এলে চব্বিশ আবারও হবে।
সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ভয়েস ফর রিফর্ম আয়োজিত ‘আবারও হুমকির মুখে মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা চব্বিশে রাস্তায় নেমেছিল, তারা কাউকে এমপি-উপদেষ্টা বানানোর জন্য রাস্তায় নামেনি। তারা রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল। ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছিল।’
তিনি বলেন, ‘যদি আগের সিস্টেম অক্ষুণ্ণ রাখা হয়, তবে যেকোনো ব্যক্তিই পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে।
সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে সরকারি দলের সংসদ সদস্যদের বিরোধিতার সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই যারা ভুক্তভোগী ছিলেন, তারাই এখন এর বিরোধিতা করছেন। এটা অসম্মানজনক।’
নির্বাচনের পর সাধারণ মানুষের কোনো লাভ হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, ‘দিন শেষে আমরা সবাই সুবিধাভোগী হয়েছি।