তেল না পেয়ে পুলিশের গাড়ি ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে বলে একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরের পর থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেনরা তা নিয়ে হাসাহাসি ও আলোচনা-সমালোচনা করছেন। তবে তেল না পেয়ে গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ।
১০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে মাঝ রাস্তায় দুজন পুলিশ সদস্য পবা হাইওয়ে থানার একটি গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন। তার পাশে থাকা এক পথচারী সেটি ক্যামেরাবন্দি করেন। এরপর সেই ভিডিওটি ছড়িয়ে দিলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিভিন্ন ক্যাপশন দিয়ে সেটি পোস্ট করেন।
তবে এই ঘটনার বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এশিয়া পোস্টকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। এরপর দুই পুলিশ সদস্য স্থানীয়দের সহায়তায় গাড়িটিকে নিরাপদ স্থানে নিয়ে যান।
ওসি বলেন, বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে তেল সংকটে পুলিশের গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার যে শিরোনাম ব্যবহার করা হয়েছে, সেটি সঠিক নয়। কারণ পুলিশের এসব গাড়ি ডিজেল দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের যার কোনো সংকট নেই। গুজব রোধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে ২৬ মার্চ ঢাকায় পুলিশের একটি গাড়ি তিন যুবকের ঠেলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, তেল ফুরিয়ে নয়, যান্ত্রিক ত্রুটিতে ঠেলতে হয় পুলিশের সেই গাড়িটিকে।