Image description

চব্বিশের গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, জহিরুল আমিন ও তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ।

মামলায় ২২ আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা; দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করা এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ রয়েছে।

১২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন সামনে রেখে গত ২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই মামলার তদন্ত প্রতিবেদন দেয় চিফ প্রসিকিউটর কার্যালয়ে। পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতিবেদনটি যাচাইবাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। সেই ধারাবাহিকতায় ধার্য তারিখের আগেই গতকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এদিকে নারায়ণগঞ্জের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৯ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি ট্রাইব্যুনালকে জানান, এই মামলার সব আসামিই পলাতক। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও আসামিদের সাড়া পাওয়া যায়নি। ফলে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দিয়ে মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করা উচিত। এরপর ট্রাইব্যুনাল শুনানির তারিখ ধার্য করেন। এই মামলার প্রধান আসামি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান। মামলার বাকি ১০ আসামির নাম এখনো প্রকাশ করা হয়নি। গত ১৯ জানুয়ারি ১২ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পরে গত ৪ মার্চ ১২ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাতেও আসামিদের হদিস না মেলায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে মামলার অভিযোগ গঠনের শুনানি করার আরজি জানায় প্রসিকিউশন। ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা-সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। অন্যদিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়ানো হয়েছে। গতকাল পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলার আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৭ জুন পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এদিন সকালে এই মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (চাকরিচ্যুত) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

আসামিদের মধ্যে আবদুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে যেকোনো দিন সুবিধাজনক সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশে নির্বিচার গুলি চালিয়ে শতাধিক কর্মী হত্যার কথা উল্লেখ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৪ নভেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক।