জামালপুর শহরের পিটিআই মোড় এলাকায় জুঁই এন্টারপ্রাইজ নামের একটি পাম্পে রোববার (০৫ এপ্রিল) সকালে জ্বালানি তেল দেওয়া হবে বলে জানানো হয়। এমন খবরে শনিবার (০৪ এপ্রিল) মধ্যরাত থেকেই পাম্পের সামনে লাইন ধরেন মোটরসাইকেল চালকরা। আবার তেল পেতে অনেক চালক পাম্প সংলগ্ন গেস্ট হাউজে রাত কাটান।
শনিবার রাতে দেখা গেছে, জুই এন্টারপ্রাইজের সামনে বেশকিছু মোটরসাইকেল চালক সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। অনেকেই সন্ধ্যার পর থেকেই লাইনে দাঁড়ান। এতে দীর্ঘক্ষণ অপেক্ষার ফলে চালকদের মধ্যে ক্লান্তিও দেখা দেয়। তেল পাওয়ার আশায় এ কষ্ট মেনে নিয়েই তারা লাইনে অবস্থান করেন।
চালকরা জানান, জ্বালানি তেলের জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে চাকরি বা অন্যান্য কাজ করা সম্ভব নয়। তাই রাতেই লাইনে দাঁড়িয়েছেন তারা। কেউ আবার মোটরসাইকেল লাইনে দাঁড় করিয়ে রেখে ২০০/৩০০ টাকার বিনিময়ে গেস্ট হাউজে ঘুমাচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে জামালপুরের বিভিন্ন জ্বালানি তেলের পাম্পগুলোতে দিনে এবং রাতে লম্বা লাইন দেখা যাচ্ছে।
লাইনে দাঁড়ানো খোকন নামের এক মোটরসাইকেল চালক বলেন, বাজারে জ্বালানি তেলের সংকটের কারণে যেকোনো সময় তেল দেওয়া বন্ধ হয়ে যাবে। এমন গুঞ্জনে দুশ্চিন্তায় আছি। তাই রোববার সকালে তেল দেওয়া হবে শোনার পর কোনো ঝুঁকি না নিয়ে রাতেই লাইনে দাঁড়িয়েছি।
বেসরকারি চাকরিজীবী আব্দুল আউয়াল বলেন, পেশাগত কারণে সারাদিন মোটরসাইকেল ব্যবহার করতে হয়। সকালে লাইনে দাঁড়ালে সময়মতো তেল না পাওয়ার আশঙ্কা থাকে। তাই আগের রাতেই গাড়ি লাইনে রেখে গেস্ট হাউজে অবস্থান করেছি।
জুঁই এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময় অনুযায়ী রোববার সকাল ১০টা থেকে নিয়ম মেনে তেল সরবরাহ শুরু হবে। আগেভাগে তেল দেওয়া হলে হঠাৎ ভিড় বেড়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। পাশাপাশি প্রশাসনিক নির্দেশনাও মেনে চলতে হচ্ছে।