Image description

কুয়েতের বেশ কয়েকটি তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এই বিষয়টি নিশ্চিত করেছে।

 

আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, এই হামলার ফলে কুয়েতের একাধিক গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন যেন অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য দ্রুত দমকল বাহিনীকে মোতায়েন করা হয়।

 

কুয়েত সরকার জানিয়েছে, এই ঘটনায় জ্বালানি তেল স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।

 

ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত তেল শোধনাগার, মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।