Image description

দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিরয়েছেন।

এমন এক সময়ে এই উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশের উৎপাদন ও বিনিয়োগ পরিস্থিতি জ্বালানি সংকট, ঋণের উচ্চ সুদ হার এবং সামষ্টিক অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের ৯ জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য রয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে এই পরিষদ গঠনের নীতিগত পরিকল্পনা করা হয়েছিল। গত বছরের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে এরপর এ বিষয়ে আর কোনো অগ্রগতি জানা যায়নি।

কর্মকর্তারা বলছেন, এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি মতবিনিময়ের একটি কার্যকর চ্যানেল তৈরি করা। এর মাধ্যমে বাস্তবভিত্তিক তথ্যের ওপর নির্ভর করে আরও সময়োপযোগী ও কার্যকর অর্থনৈতিক নীতি প্রণয়ন সম্ভব হবে।

শীর্ষনিউজ