Image description

মডেলিং শেখানোর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আটকে রেখেছেন ‘সুদর্শন পুরুষ’ এডলফ খানকে। আজ শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার পর একদল শিক্ষার্থী কার্জন হলে তাকে আটকে রাখেন।

তবে রাতে পৌনে ১০টার দিকে তাকে ছেড়ে দেন তারা। এসময় তিনি তিন দিনের সময় চেয়েছেন। এরমধ্যে টাকাগুলো পরিশোধ করবেন বলে জানান এডলফ খান।

পরে তাকে কার্জন হলের গেট দিয়ে বের হয়ে যেতে দেখা যায়। এ সময় গণমাধ্যমকর্মীরা তার কাছে বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন। এর আগে কার্জন হল চত্বরে এডলফ খানকে একদল শিক্ষার্থী আটকে রাখেন। প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে তিনি সেখানে আটকে ছিলেন। এ সময়ও তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান। 

তবে সেখানে অবস্থান করা রয়েল হোসেন নয়ন নামে এক শিক্ষার্থী বলেন, সুহাস নামে আমাদের বড় এক ভাইয়ের কাছ থেকে এডলফ খান মডেলিং শেখানো নামে কিস্তিতে বিভিন্ন সময় ১ লাখ ১০ হাজার টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর মডেলিং আর শেখাননি তিনি। পরে আজকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকায় কুয়েত-মৈত্রী হল সংসদের এজিএস হাফসাকে নতুনভাবে কাজ শেখানোর কথা বলে টাকা নিতে আসলে আমরা তাকে আটক করি। যেহেতু দীর্ঘদিন তাকে পাচ্ছিলাম না তাই আমরা তাকে আটক করে টাকাগুলো আদায়ের চেষ্টা করছি।

অ্যাডলফ খান মূলত একজন কোরিওগ্রাফার। সে কারণে দেশের শোবিজ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। তার সাজ-পোশাক আর দশ জনের চেয়ে আলাদা। ফলে সহজে সবার নজরে পড়েন এই কোরিওগ্রাফার।