জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়; বরং ‘হ্যাঁ’ ভোটের পক্ষের শক্তি। তিনি বলেন, “আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই।”
শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবুল।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তারেক রহমান দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে একটি মহল নানাভাবে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। একাত্তরের পরাজয় মেনে নিতে না পেরে তারা দেশের সংবিধান ছিঁড়ে ফেলার হুমকি দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। বর্তমানে জনগণকে সঙ্গে নিয়ে দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে দলটি টিকে আছে। স্বাধীনতার ৫৫ বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধকে নিজেদের একক সম্পত্তি হিসেবে দাবি করে, আরেকটি পক্ষ তা স্বীকারই করতে চায় না। একটি শক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, অন্যটি পাকিস্তানকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
আবদুস সালাম অভিযোগ করেন, একটি বিশেষ মহল বিএনপিকে ছোট করার চেষ্টা করছে, যার প্রমাণ জাতীয় সংসদে শপথ গ্রহণের দিনের ঘটনাতেই পাওয়া গেছে। তারা দেশকে অস্বাভাবিক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই তারেক রহমান এগিয়ে যাচ্ছেন এবং তিনি কথার পাশাপাশি কাজে তা প্রমাণ করছেন।