পিরোজপুরের জিয়ানগর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের রোপণ করা দুটি মেহগনি গাছ কেটে নিয়ে বাড়িতে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মাসুম হাওলাদার ছগির বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. সোবাহান এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আ. মজিদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৩ নম্বর ওয়ার্ডে কয়েকশ মেহগনি গাছ রোপণ করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়ন পরিষদের লাগানো দুটি মেহগনি গাছ কেটে নেন মাসুম হাওলাদার ছগির। পরে শ্রমিক দিয়ে গাছগুলো নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় এলাকাবাসী বাধা দিলেও উপেক্ষা করা হয় বলে জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাসুম হাওলাদার ছগির কোনো মন্তব্য করতে রাজি হননি।
বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, গাছগুলো ইউনিয়ন পরিষদের কোনো অনুমতি ছাড়াই কেটে নেওয়া হয়েছে। বর্তমানে গাছগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন সেন্টুর জিম্মায় রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।