আবারও বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে ইতালি। আর ইতালিয়ান ফুটবলের এমন অধঃপতনের দায় কিছুটা হলেও দেশটির ফুটবল প্রধানের কাঁধে এসে পড়েছে। সেই দায় মাথায় নিয়েই পদত্যাগ করলেন গ্যাব্রিয়েল গ্রাভিনা। ৭২ বছর বয়সী এই ক্রীড়া পরিচালক আজ বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী রোমে ফেডারেশনের সদর দপ্তরে আজ উচ্চপদস্থ কর্মকর্তা, সিরিয়া, সিরিয়া বি’ লিগা প্রো এবং খেলোয়াড় ও কোচদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন গ্রাভিনা। সেখানেই তিনি পদত্যাগের ঘোষণা দেন।
গ্রাভিনা সরে দাঁড়ানোয় ইতালি জাতীয় দলের প্রধান কোচ জেনারো গাত্তুসোও বরখাস্ত হতে পারেন। ২০০৬ বিশ্বকাপ জয়ী গাত্তুসোকে গ্রাভিনাই কোচের দায়িত্বে এনেছিলেন। এফআইজিসি জানিয়েছে, আগামী ২২ জুন নতুন সভাপতি নির্বাচন করা হবে। শোনা যাচ্ছে, পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জিওভানি মালাগো।
তিনি লম্বা সময় ইতালিয়ান অলিম্পিক কমিটির প্রধান ছিলেন। ইতালিতে অনুষ্ঠিত সর্বশেষ শীতকালীন অলিম্পিকেও সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের অক্টোবরে এফআইজিসির সভাপতি হন গ্রাভিনা। তার অধীন ইতালি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলেও অনেক ক্ষেত্রেই তিনি সফল ছিলেন। তার সময়েই ২০২০ ইউরোয় চ্যাম্পিয়ন হয় ইতালি।