জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
এর আগে, ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দেন হাসানুল হক ইনু। নিজের আইনজীবীর মাধ্যমে এ বক্তব্য দাখিল করেন তিনি। তবে মৌখিক সাক্ষ্যের সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ।
প্রসিকিউশনের অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে আন্দোলনে নামেন ছাত্র-জনতা। হাসানুল হকের নির্দেশে তাদের ওপর গুলি চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। তাদের গুলিতে শহিদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এ ছাড়া উসকানি-প্ররোচনাসহ ইনুর বিরুদ্ধে সুনির্দিষ্ট আটটি অভিযোগ আনা হয়।