বার্সেলোনায় স্পেন-মিশরের মধ্যকার প্রীতি ম্যাচটি শেষ হয়েছে গোলশূণ্য ব্যবধানে। তবে ম্যাচটিতে গোল না হলেও বিতর্কের ঝড় উঠেছে গ্যালারিতে। ম্যাচের বেশ কিছু সময় গ্যালারি থেকে মিশর দলকে লক্ষ্য করে দেওয়া ইসলামবিদ্বেষী স্লোগানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।
মঙ্গলবার আরসিডিই স্টেডিয়ামে ম্যাচ চলাকালে প্রথমার্ধে গ্যালারি থেকে আপত্তিকর স্লোগান শোনা যায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিশ।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করে ইয়ামাল লেখেন—
‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ।
গতকাল স্টেডিয়ামে ‘যে শিস দেবে না, সে মুসলিম’—এই স্লোগান শোনা গেছে। আমি জানি এটা প্রতিপক্ষ দলকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, আমাকে ব্যক্তিগতভাবে নয়। কিন্তু একজন মুসলিম হিসেবে এটাকে আমি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।
আমি বুঝি সব সমর্থক এমন নন… কিন্তু যারা এ ধরনের স্লোগান দেন, তাদের বলছি—স্টেডিয়ামে ধর্মকে বিদ্রূপের উপকরণ হিসেবে ব্যবহার করা আপনাকে অজ্ঞ ও বর্ণবাদী হিসেবেই তুলে ধরে।
ফুটবল উপভোগ করার জন্য, সমর্থন দেওয়ার জন্য—কোনো মানুষের পরিচয় বা বিশ্বাসকে অসম্মান করার জন্য নয়।
সবশেষে, যারা আমাদের সমর্থন দিতে এসেছিলেন তাদের ধন্যবাদ। বিশ্বকাপে দেখা হবে।’
১৮ বছর বয়সী এই ফুটবলার স্পষ্ট করে দিয়েছেন, বিষয়টি ব্যক্তিগতভাবে তাকে লক্ষ্য করে না হলেও একজন মুসলিম হিসেবে তিনি এটিকে অসম্মানজনক মনে করেছেন।
ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের সতর্ক করে বার্তাও দেখানো হয়। তবে তাতেও পুরোপুরি থামেনি পরিস্থিতি, বরং কিছু অংশ থেকে বিরূপ প্রতিক্রিয়াও শোনা যায়।
স্পেন ফুটবল ফেডারেশন এ ঘটনায় নিন্দা জানিয়েছে। একইভাবে জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেও এই আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তার মতে, কিছু মানুষ ফুটবলকে ভুলভাবে ব্যবহার করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
সব মিলিয়ে আবারও সামনে এলো ফুটবলে বর্ণবাদ ও বৈষম্যের পুরোনো সমস্যা।