Image description

বরিশালের চরমোনাইয়ে বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে রিজার্ভ একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে।

 

বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ঘাটে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ডুবে যাওয়া এমভি মানিক-৪ লঞ্চটি মঙ্গলবার (৩১ মার্চ) রাতে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসে। লঞ্চটি ভোরে যাত্রী নামিয়ে ঘাটে অবস্থান করছিল। ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটা দেবে গিয়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়। তবে এ সময় কোনো যাত্রী বা লঞ্চ সংশ্লিষ্ট কেউ ভেতরে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

 

লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, লঞ্চটি মজবুতভাবে বেঁধে না রাখায় পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা ঘটতে পারে।

 

 

ডুবে যাওয়া লঞ্চ। ছবি : এশিয়া পোস্ট
ডুবে যাওয়া লঞ্চ। ছবি : এশিয়া পোস্ট

 

 

লঞ্চডুবির ঘটনায় বিবৃতি দিয়েছে চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ। বিবৃতিতে তিনি বলেন, চরমোনাই ঘাটে মানিক-৪ লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহত হয়নি। এ সময় কোনো যাত্রী বা লঞ্চ সংশ্লিষ্ট কেউ ভেতরে ছিলেন না।

 

বুধবার (১ এপ্রিল) দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল শুরু হয়েছে।