ফরিদপুরের মধুখালী উপজেলায় এক হৃদয়বিদারক রেল দুর্ঘটনায় যমজ শিশু নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজবাড়ী থেকে ছেড়ে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম মো. তাইব (৫) ও মো. তাহমিদ (৫)। তারা একই গ্রামের মো. আকাশ শেখের যমজ সন্তান। জানা যায়, দীর্ঘদিন অপেক্ষার পর আল্লাহর দান হিসেবে এই দুই সন্তানকে পেয়েছিলেলেন পরিবারটি। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পিতা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিক্সের দোকানে কাজ করতে যান। হঠাৎ করে তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন ট্রেনের নিচে চাপা পড়েছে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।