সংবিধান সংশোধনের জন্য সরকার দ্রুত একটি কমিটি গঠন করবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম।
বুধবার (১ এপ্রিল) সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, অচিরেই সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হবে। এতে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা থাকবে।
তিনি জানান, কমিটির সদস্যসংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। তবে এতে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে।
চিফ হুইপ বলেন, একটি কার্যকর সংসদ ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় ক্ষেত্রে সংবিধান সংশোধন অপরিহার্য। এ প্রক্রিয়ায় বিরোধী দলের সম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছে সরকার।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই।
সরকারের এই উদ্যোগে বিরোধী দল অংশ নেবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তিনি।