জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ইমরান মাজহারী (৩০) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
ইমরান ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলার পশ্চিম সুখনগরী সিরাজ তালুকদার জামে মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজ জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান ইমরান। এসময়ে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া বলেন, সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় ইমরানের।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহম্মেদ বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।