ঢাকা মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় গত তিন দিনে কঠোর অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মোট ৩ হাজার ৮৮টি মামলা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫, ২৬ ও ২৭ মার্চ (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ডিএমপির ট্রাফিক বিভাগের বিভিন্ন বিভাগ এই অভিযান পরিচালনা করে।
ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৮টি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১০৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ১১টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ৯৮টি সিএনজি ও ২৩৬টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ড ভ্যান, ৬৬টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৮টি বাস, ২৯টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ড ভ্যান, ২৯টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ১৯৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫৯টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ২১টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৮৯টি সিএনজি ও ২৭৮টি মোটরসাইকেলসহ মোট ৬০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫০টি বাস, ১৬টি ট্রাক, ৫৪টি কাভার্ডভ্যান, ১০১টি সিএনজি ও ৪৭৫টি মোটরসাইকেলসহ মোট ৮৬৮টি মামলা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে মোট ৯০২টি গাড়ি ডাম্পিং এবং ৪১০টি গাড়ি রেকার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।