আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজেদের দলীয়করণ করছে এভাবে চলতে থাকলে জনগণ রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো এ প্রবণতা অব্যাহত থাকলে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দেবে।’
শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জ ইতোমধ্যেই এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ফলেই সংগঠন শক্তিশালী হয়েছে।’ এ সময় তিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ধন্যবাদ জানান।
নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে এ অঞ্চলকে একটি মাফিয়া নিয়ন্ত্রিত এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছিল, যেখানে রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত গডফাদাররা। গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই প্রভাব ভেঙে যায় এবং সংশ্লিষ্টরা দেশ ছাড়তে বাধ্য হয়।’
বর্তমান রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ‘এখন আমাদের লক্ষ্য হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে সাধারণ মানুষের কল্যাণে পুনর্গঠন করা, যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।’
সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়ার উত্থান যেন না ঘটে, সে বিষয়ে এনসিপি সতর্ক থাকবে।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা।