Image description

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাক হয়েছে। মোবাইল নম্বর দিয়ে সার্চ করলেই মিলছে গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার তথ্য। প্রায় তিন মাস আগে হ্যাকিংয়ের এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য ছড়িয়ে পড়ার পর এই বিষয়টি প্রকাশ্যে এসেছে।

বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে স্বপ্ন’র। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও তাদের কেনাকাটার বিস্তারিত তথ্য। তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে পড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢাকার বাংলামোটর এলাকার বাসিন্দা ‘স্বপ্ন’র এক গ্রাহক বলেন, ফেসবুকে প্রথম আমি স্বপ্নের ওয়েবসাইট হ্যাক হওয়ার তথ্য জানতে পারি। এসময় ফাঁস হওয়া ডেটাবেজ চেক করার সময় আমি ফোন নম্বর দিলে সব তথ্য পেয়ে যাই। নাম, কেনাকাটার তথ্য ও লেনদেনের বিস্তারিত এখানে দেখা যাচ্ছিল। যদি এসব রেকর্ড এত সহজে পাওয়া যায়, তাহলে আরও লাখো গ্রাহকের তথ্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

তবে গ্রাহকদের ডেটা ফাঁস হতে পারে, এমন কোনো সতর্কবার্তা বা পাবলিক স্টেটমেন্ট এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ইস্যু করা হয়নি।