Image description

পাবনার চাটমোহরে ঢাকাগামী চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে সোহেল রানা (৪০) নামে রেলওয়ে জিআরপি পুলিশ সদস্য আহত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের পাবনার চাটমোহর রেল স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে অতিক্রম করার সময় ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা ওই পুলিশ সদস্য ছিটকে পড়ে আহত হন। 

আহত জিআরপি পুলিশ সদস্য সোহেল দিনাজপুর জেলার বিরল উপজেলার নেরাবাড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী ৭০৬ একতা এক্সপ্রেস ট্রেন ক্রসিংয়ের কারণে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনে অনির্ধারিত বিরতি দেয়। এ সময় পুলিশ সদস্য মুলাডুলি স্টেশনে নামার পর ট্রেন ছেড়ে দিলে তিনি দৌঁড়ে ট্রেনে উঠেন। কিন্তু দরজায় অতিরিক্ত ভিড়ের কারণে তিনি হ্যান্ডেল ধরে ঝুলছিলেন। চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় তিনি হাত পিছলে চলন্ত ট্রেন থেকে পরে আহত হন।

চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, পঞ্চগড়-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০৬) শনিবার (২৮ মার্চ) সকালে চাটমোহর অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছিল। চলন্ত ট্রেন থেকে এক পুলিশ সদস্য পড়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়। 

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির জানান, আহত রোগীর মাথায়, বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।