Image description

ওমান উপকূলে মার্কিন সামরিক জাহাজে হামলা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এ হামলার দাবি করেছে।

শনিবার (২৮ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন সামরিক সহায়তাকারী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসির খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানান, ওমানের পোর্ট অব সালালাহ বন্দর থেকে ‘যথেষ্ট দূরত্বে’ অবস্থান করা একটি মার্কিন জাহাজকে টার্গেট করা হয়।

আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আমরা আগেই ঘোষণা করেছি, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ ওমানের জাতীয় সার্বভৌমত্বকে ইরান সম্মান করে।

এদিকে অবশেষে ইরান যুদ্ধে যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াই শুরু করেছে গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের।

ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

শনিবার (২৮ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। হুমকি মোকাবিলায় এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়।

এর আগে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী আন্দোলনের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলা বাড়ালে তারা ইরানের সমর্থনে যুদ্ধে যোগ দিবে।