Image description

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে ‘নবীন ফ্যাশন’ শোরুম জোরপূর্বক বন্ধের এক সপ্তাহ পর আউটলেটটি চালু হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) এই আউটলেটটি চালু করে মালিকপক্ষ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে গত ২৫ মার্চ এক আদেশে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দিতে নির্দেশ দিয়েছিলেন।

একই সাথে শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের নীরব ভূমিকার কারণে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শোকজ করেন আদালত। পরে ২৬ মার্চ এই ঘটনায় বিতর্কিত ভূমিকার দায়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এএসআইকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

প্রসঙ্গত, ঈদ-উল ফিতরের আগের দিন গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেয়। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। এ সময় পুলিশের উপস্থিতিও দেখা গেছে।

এরপর মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীতে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ উত্থাপন করেন নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন। এদিন রাতে তিনি দেশ ছাড়েন। এ নিয়ে এনামুল হাসান নবীন ফেসবুক পোস্টে লিখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।’