Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, সুনামগঞ্জে “উগ্র মুসলিমরা” একজন হিন্দু নারীর ঘরে হামলা করছেন।

এমন দাবিতে পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

এছাড়াও, পাকিস্তান থেকে পরিচালিত একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, ভারতে বিজেপি সমর্থকরা মুসলিমদের বাড়িঘরে হামলা করছেন।

দেখুন এখানে

তবে যাচাই করে দেখা যায়, এমন দাবি সত্য নয়। ভিডিওতে দেখা নারী হিন্দু নন; তিনি একটি মুসলিম পরিবারের সদস্য।

সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চে মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলো ও বাংলা নিউজে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়।

দেখুন এখানে এবং এখানে

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটে বুধবার (২৫ মার্চ) বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেনের বাড়িতে। ভিডিওতে দেখা নারীটি মোহাম্মদ তারেক মিয়ার স্ত্রী।

গরু চুরির অভিযোগে তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর উত্তেজনা তৈরি হয়। ওই অভিযোগের জেরে স্থানীয় গ্রামবাসীর একটি দল জড়ো হয়ে বাড়িটিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

হামলার সময় ওই নারী একটি ধারালো অস্ত্র হাতে নিয়ে নিজের সন্তান ও সম্পত্তি রক্ষায় বাড়ির সামনে দাঁড়ান।

প্রতিবেদনটি স্পষ্ট করে যে, এই হামলা ধর্মীয় বিদ্বেষ থেকে নয়; বরং চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বিরোধের জেরে সহিংশতায় রূপ নেয়।

উপপরিদর্শক (এসআই) রহমান প্রথম আলোকে বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরির মামলা রয়েছে। বারবার এমন ঘটনার কারণে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাড়িটিতে হামলা চালায়।” তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এ ধরনের গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই বৈধ নয়।