সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা ৫০ টাকা নিয়ে মারামারিতে আহত এমরান হোসেন (১৬) নামের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যায় সে।
নিহত এমরান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আলী হোসেনের ছেলে। সে টমটমচালক ছিল।
এই ঘটনায় জড়িত আরেক টমটমচালক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোণা গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত টমটম গ্যারেজের মালিক বাদশা মিয়া টমটমচালক এমরান হোসেনের কাছে গাড়ি চার্জের ৫০ টাকা পাওনা ছিল। সেই পাওনা টাকা চাওয়া নিয়ে গত ২৪ মার্চ সন্ধ্যায় দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় বাদশা মিয়ার পক্ষ নিয়ে প্রতিবেশী আরেক টমটমচালক জাকির হোসেন (৩২) লোহার রড দিয়ে এমরানের মাথায় আঘাত করে। এতে এমরান হোসেন গুরুতর আহত হয়। রাতেই তাকে সিলেটের একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শুক্রবার তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে মারামারিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক টমটমচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাদশা মিয়া ও জাকির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় টমটমচালক জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।