সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, মির্জা আব্বাস বর্তমানে সিসিইউতে থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। পরিবারের সদস্যরা আশা করছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।
এভারকেয়ার হাসপাতাল থেকে গত ১৫ মার্চ সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এদিকে, একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ। তার অবস্থা সংকটাপন্ন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। রোববার সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের পর তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরবর্তীতে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।